টঙ্গীর তুরাগ নদের তীরে মাগরিবের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মাগরিবের নামাজের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।
আলমি শুরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, মাগরিবের নামাজের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজে ইমামতি করবেন তাবলিগ জামাতের মুরুব্বি মাওলানা জুবায়ের।
মিডিয়া সমন্বয়ক আরও বলেন, আমাদের এবারের ইজতেমার প্রথম পর্ব দুই ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিপূর্বে আপনারা জেনে থাকবেন ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম ধাপ এবং ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে। দুটি ধাপই শুরায়ে নিজাম তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৪১টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবে। দ্বিতীয় ধাপে প্রায় ২২টি জেলা এবং ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে।
এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমা ময়দান।