ফেনী জেলা সংবাদদাতা: ২০ লাখ টাকা চাঁদার দাবিতে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সুবার বাজারে নিরীহ ব্যবসায়ী হাফেজ মাকসুদের দোকানে সন্ত্রাসী হামলা চালিয়ে মারধর, লুটপাট ও নগদ টাকা ছিনতাই করেছে বিএনপি নেতা ইউপি সদস্য কামরুলের নেতৃত্বে ৭/৮ জনের একটি গ্রূপ। এ ঘটনায় পরশুরাম থানায় একটি অভিযোগ ও ফেনীর আদালত মামলা হয়েছে। সোমবার ভিকটিমের মা নুরুন নাহার বাদী হয়ে ফেনীর আদালতে মামলা করেন। মামলা সূত্রে জানা গেছে, পরশুরামের মধুগ্রামের অলিউর রহমানের ছেলে সুবারবাজারে নিজ প্রতিষ্ঠানে বসেন।
অভিযোগে জানা যায়, দুপুরের দিকে একই গ্রামের আমিনুর রহমানের ছেলে কামরুল ইসলাম ৭/৮ জনের একদল সন্ত্রাসী নিয়ে ব্যবসায়ী হাফেজ মাকসুদুর রহমানের দোকানে প্রবেশ করেন। এসময় সস্ত্রাসীরা তাকে টানাহেঁচড়া করে দোকান থেকে বের করে আনে। দোকানে ভাঙচুর চালায় । একপর্যায়ে সবাই মিলে তাকে কিল, ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেয় ৷ সন্ত্রাসীরা দোকানে ডাকাতি ও লুটপাটের উদ্দেশ্যে মাকসুদকে দোকান থেকে বের করে দিয়ে শার্টার বন্ধ করে দেয়।
এ সময় মাকসুদের দোকানের ক্যাশ থেকে নগদ আড়াই লাখ টাকা ৩ লাখ টাকার মালামাল ও একটি মোবাইল সেট নিয়ে যায়। যাবার সময় সন্ত্রাসী কামরুল মাকসুদের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ন্যায়বিচার বঞ্চিত হয়ে বর্তমানে মাকসুদ সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এ বিষয়ে কামরুল জানান, মাকসুদ তার উপর আগে হামলা করায় তিনি প্রতিরোধ করেন।
নিরীহ ব্যবসায়ী মাকসুদের উপর হামলা ও থানায় অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেন পরশুরাম মডেল থানার ওসি নুরুল হাকিম ।