⁃ ফারুক সৈয়দ, সিল্কেবোর্গ, ডেনমার্ক
বৈশাখী ডাল ভাঙে,
ভাঙে অবস্থিতির ধ্যান -
আর সুস্থিতির ধারণাও।
যা ঝরে পড়ে
তা-ই মাটির কাছে যায় ফিরে -
ক্ষয় মানেই শুধু প্রত্যাবর্তন।
প্রকৃতি হারায় না, হারে না
আঁকে নতুন প্রতিমার প্রতিরুপ
আমরাই মানি হার।
ভুলে থাকার উৎসব চারিদিকে -
ঢাকে অক্ষমতার নির্ণয় ফলাফল -
যেন এক পরিশীলিত পদ্ধতি।
নীল দিগন্ত নেই আর, আছে
শুধু ঋণখেলাপির সজ্জীকৃত অভিযান -
চাষীবৌ খোঁজে বেচে থাকার আসক্তি।
শুকনো নদীও গতি হারিয়ে
কাঁদে নিঃশব্দে, বুকের হাহাকারে -
রাখে জলের বিলাসিত স্মৃতি কিছু।
এ বৈশাখে -
তোমার আমার হাতে হাত ধরা,
বৈশাখী ঝড়ের প্রতিরোধ নয়
ভালোবাসার স্ফুরিত ছোট্ট এক উচ্চারণ।