⁃ ফারুক সৈয়দ, সিল্কেবোর্গ, ডেনমার্ক
বৈশাখ এলে
শজিনার ভাঙা ডালে ঝুলে থাকে ঝড়ের স্মৃতি,
কাঁচা আমের কান্না মিশে যায়
কালো মাটির গোপন দুঃখে।
প্রকৃতি আজ
নিজের পরাজয় লিখে রাখে ধুলোয়-
তবু মেলা বসে,
মানুষ ভুলে যায় ভাঙনের ব্যাকরণ।
দিগন্তের চাষা-বউ
ভবিষ্যৎ বোনে বাতাসের সুতোয়।
আর বাউল-
ঝড়কে গান বানিয়ে উড়িয়ে দেয়
অকথিত হৃদয়ের ভাষায়।
হালখাতার পাতায়
সংখ্যারা শোধ নেয় অতীতের।
গাছে গাছে লিচু
লজ্জাবতী স্বপ্ন হয়ে ঝুলে থাকে।
বৈশাখ, তুমি
শুকনো নদীর বুকে আটকে থাকা দীর্ঘশ্বাস।
বজ্রের স্মৃতি, এনে দিলো
যেন হঠাৎ নেমে আসা বৃষ্টির উন্মাদনা।
প্রণয়নী, চলো-
সব ঝড় পেরিয়ে
হাত হাত রাখি।
এক মুঠো চাঁদের আলোয়
নামুক একান্তই আমাদের নির্জনতা॥