শনিবার, জুলাই ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বন্যার ঝুঁকিতে রয়েছে দেশের আরও ১০ জেলা   * চট্টগ্রাম বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত   * ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: তারেক রহমান   * প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার উদ্ধার-ত্রাণ-পুনর্বাসনের কাজ করে যাচ্ছে   * ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন   * কক্সবাজার উপকূলে দুই দিনে পাঁচ অজ্ঞাত মরদেহ উদ্ধার   * বান্দরবানে সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা   * ৪ লাখ মানুষ পানিবন্দি, ৭ উপজেলায় সেনা মোতায়েন   * বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন   * রাঙামাটিতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, বাড়ছে বিশুদ্ধ পানির সংকট  

   সারা দেশ
কক্সবাজার উপকূলে দুই দিনে পাঁচ অজ্ঞাত মরদেহ উদ্ধার
  Date : 11-07-2026

মাত্র দুই দিনের ব্যবধানে কক্সবাজার ও টেকনাফ উপকূল থেকে পাঁচটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে রয়েছে একটি মানুষের কঙ্কাল, তিনটি অর্ধগলিত মরদেহ এবং কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে উদ্ধার হওয়া মাথা ও দুই পা বিচ্ছিন্ন একটি খণ্ডিত মরদেহ। ধারাবাহিক এসব ঘটনায় উপকূলজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মরদেহগুলোর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপসংলগ্ন কচুবুনিয়া-কাটাবুনিয়া এলাকায় জোয়ারের পানিতে একটি মানুষের কঙ্কাল ভেসে আসে। স্থানীয় লোকজন সেটি দেখতে পেয়ে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সঞ্জীব বলেন, কঙ্কালটি কয়েক দিন আগের বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় সাগরের পানিতে থাকায় মরদেহটি সম্পূর্ণ পচে কঙ্কালে পরিণত হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) টেকনাফের তিনটি পৃথক স্থান থেকে তিনটি অজ্ঞাতনামা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, দুপুরে সেন্ট মার্টিন সমুদ্রসৈকত থেকে একটি, বিকেলে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্রসৈকত থেকে আরেকটি এবং সন্ধ্যায় সদর ইউনিয়নের রাজারছড়া সমুদ্রসৈকত থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে একটি নারীর। সবগুলো মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একই দিন রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে আসে আরও একটি খণ্ডিত মরদেহ।

সৈকতে দায়িত্ব পালনরত বিচকর্মী খোরশেদ আলম প্রথম মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সরোয়ারের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটির মাথা ও কোমরের নিচের দুই পা বিচ্ছিন্ন ছিল। দীর্ঘ সময় লবণাক্ত পানিতে থাকার কারণে মরদেহটি মারাত্মকভাবে পচে বিকৃত হয়ে গেছে। এ অবস্থায় এটি নারী না পুরুষ, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হবে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সমুদ্রপথে মালয়েশিয়াগামী কোনো ট্রলারডুবি, মানবপাচারের শিকার ব্যক্তিদের বহনকারী নৌযানের দুর্ঘটনা কিংবা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় কোনো নৌকাডুবির ঘটনায় এসব মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত এমন কোনো ঘটনার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে প্রতিটি ঘটনাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বঙ্গোপসাগর ও নাফ নদীপথে মানবপাচার, অনিরাপদ নৌযাত্রা এবং বিভিন্ন দুর্ঘটনার কারণে মাঝেমধ্যে অজ্ঞাতনামা মরদেহ উপকূলে ভেসে আসে। তবে মাত্র দুই দিনের ব্যবধানে পাঁচটি মরদেহ উদ্ধারের ঘটনা ব্যতিক্রমী। এতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উপকূলীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর আঙুলের ছাপ, ডিএনএ নমুনা এবং ময়নাতদন্তের প্রতিবেদন সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন থানায় নিখোঁজ ব্যক্তিদের তথ্য এবং সীমান্ত ও সমুদ্রপথে সাম্প্রতিক কোনো দুর্ঘটনার তথ্যও যাচাই করা হচ্ছে।

এদিকে উপকূলীয় এলাকার বাসিন্দারা জানান, গত কয়েক দিনে সাগরের স্রোত ও জোয়ারের প্রকৃতিতে পরিবর্তন দেখা গেছে। এমন পরিস্থিতিতে একের পর এক মরদেহ ভেসে আসার ঘটনায় এলাকায় আতঙ্ক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।



  
  সর্বশেষ
বন্যার ঝুঁকিতে রয়েছে দেশের আরও ১০ জেলা
এবার কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?
চট্টগ্রাম বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত
ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: তারেক রহমান



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com