২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচটি সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের নিউ জার্সিতে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটিতে ট্রাম্পের উপস্থিতিকে কেন্দ্র করে স্টেডিয়াম এবং এর আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্ববৃহৎ ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থায় বিশ্বকাপ ফাইনালকে ‘লেভেল ১’ বিশেষ ইভেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে, যা দেশটির সর্বোচ্চ নিরাপত্তা স্তর। দেশিটির প্রধান গোয়েন্দা সংস্থা- ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), সিক্রেট সার্ভিস, স্থানীয় পুলিশ এবং বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলো বিগত দুই বছর ধরে এই যৌথ নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে।
ইতোমধ্যেই স্টেডিয়ামের আকাশসীমা সুরক্ষিত রাখতে মার্কিন বিমানবাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান এবং সামরিক প্রশিক্ষিত স্নাইপারদের মোতায়েন করা হয়েছে।
হোয়াইট হাউজ জানিয়েছে, এফ-১৬ যুদ্ধবিমানগুলো মূলেত স্টেডিয়ামের ওপর নো-ফ্লাই জোন বা বিমান চলাচল নিষিদ্ধ এলাকা কঠোরভাবে পাহারা দেবে। আর স্টেডিয়াম ও আশেপাশের ভবনের ছাদের ওপর থাকবেন স্নাইপাররা। এছাড়াও পুরো নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করবেন হাজার হাজার এফবিআই এজেন্ট।
এদিকে এই কঠোর নিরাপত্তার কারণে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউস। তাই সাধারণ দর্শকদের খেলা শুরুর অন্তত ৪ ঘণ্টা আগে স্টেডিয়ামে আসার অনুরোধ জানানো হয়েছে।
হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি দ্য টেলিগ্রাফ স্পোর্টকে বলেন, এই আয়োজনের নিরাপত্তা প্রেসিডেন্ট ট্রাম্পের কংগ্রেসে দেওয়া বার্ষিক ভাষণ এবং প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তার সঙ্গে তুলনীয়।