| |
| জলবায়ু-স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : ডা. জাহিদ |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| মোঃ মেহেদী হাসান : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নারীরা। তবে দুর্যোগ মোকাবিলা, পরিবার রক্ষা এবং সমাজ পুনর্গঠনের ক্ষেত্রেও তাদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই জলবায়ু-স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীদের কেবল সহায়তার প্রাপক নয়, বরং পরিবর্তনের নেতৃত্বে নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার (২৮ জুন) রাজধানীর তেজগাঁওয়ের আলোকি মিলনায়তনে Empower Women for Climate-Resilient Societies (Phase II) প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত ‘জাতীয় অভিজ্ঞতা বিনিময় ও সম্প্রসারণ কর্মশালা’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নারীর ক্ষমতায়ন শুধু উন্নয়নের একটি অংশ নয়, বরং বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের জন্য এটি একটি জাতীয় অগ্রাধিকার। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুজনিত সংকটে নারীরাই তুলনামূলকভাবে বেশি ক্ষতির মুখে পড়েন। ফলে টেকসই অভিযোজন নিশ্চিত করতে তাদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ে নীতিনির্ধারণ থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিকল্পনায় জেন্ডার-সংবেদনশীল দৃষ্টিভঙ্গিকে প্রাতিষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ডা. জাহিদ হোসেন বলেন, Empower প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু-সহনশীল কৃষি, বিকল্প জীবিকা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশে ইতিবাচক পরিবর্তন আনছেন। এসব সফল উদ্যোগ দেশের অন্যান্য জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকায়ও সম্প্রসারণ করা জরুরি। তিনি জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে এবং নারীর ক্ষমতায়ন ও জলবায়ু অভিযোজনকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে। কর্মশালায় ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি শিং, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং গবেষকরা অংশগ্রহণ করেন। এছাড়া কুড়িগ্রাম, জামালপুর, খুলনা, সাতক্ষীরা ও কক্সবাজার জেলার প্রায় শতাধিক তৃণমূল নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের অভিজ্ঞতা, অর্জন ও শিক্ষণীয় বিষয় তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা দেশের অন্যান্য জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলেও সফল উদ্যোগগুলো সম্প্রসারণের সুপারিশ করেন। উল্লেখ্য, Empower Women for Climate-Resilient Societies প্রকল্পটি জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) এবং জাতিসংঘের নারী সংস্থা (UN Women)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে নারীর নেতৃত্ব, অর্থনৈতিক সক্ষমতা ও অংশগ্রহণ জোরদারের মাধ্যমে একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু-স্থিতিস্থাপক সমাজ গড়ে তোলা।
|
| |
|
|
|