নিজস্ব প্রতিবেদকঃ রামু উপজেলায় ডাকাতি ও অস্ত্র আইনের একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মোস্তাক আহম্মদ ওরফে বাবুল (৪০)। তিনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পানিস্যা ঘোনা এলাকার মৃত আবু শামার ছেলে।
রামু থানা পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঈদগড় ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশের ভাষ্য, মোস্তাক আহম্মদের বিরুদ্ধে রামু থানায় ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারার তিনটি মামলা এবং অস্ত্র আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মনিরুল আরো বলেন, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা প্রদানে রাত্রিকালীন টহল জোরদার করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।