তাজরিন আক্তার মুন্নি মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাচারি কান্দি মাঝিপাড়া এলাকায় বিজয় হালদার নামে এক যুবককে অপহরণ করে হাত-পা বেঁধে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে বিজয় হালদারকে একটি চক্র অপহরণ করে চোখ মুখ বাধা অবস্থায় একটি স্থানে আটকে রাখে। পরে তার হাত-পা বেঁধে একটি তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে। ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের দিকনির্দেশনায় কৃষ্ণপুর ইউনিয়নের সহকারী বিট কর্মকর্তা এএসআই শাহ আলম, এএসআই আকরামসহ সঙ্গীয় ফোর্স এবং এলাকাবাসীর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের অভিযানের খবর পেয়ে দুর্বৃত্তদের একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে অভিযান চালিয়ে ৯ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে ভিকটিম বিজয় হালদারকে উদ্ধার করে পুলিশ। একই ঘটনায় রাজিবপুর এলাকার বাসিন্দা তিনজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন—
১. পাখি আক্তার (১৯)
২. মনির (২২)
৩. রিদয় (২০)
পুলিশের অভিযান টের পেয়ে এ ঘটনায় জড়িত আরও একজন পালিয়ে যায়। তাকে আটকের জন্য পুলিশ অভিযান ও অনুসন্ধান চালাচ্ছে।
কৃষ্ণপুর ইউনিয়নের সহকারী বিট কর্মকর্তা এএসআই শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি সত্য। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে।