টানা ভারী বৃষ্টিতে গুলশান লেকের পানি উপচে পড়েছে। এতে গুলশান-শাহজাদপুর সংযোগ সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সড়কটির একাংশ ধসে গেছে। পানি প্রবাহ অব্যাহত থাকায় সড়কটি আরও ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে আপাতত রাস্তাটি রক্ষায় কোনো পদক্ষেপ নিতে পারছে না বলে জানিয়েছে সড়কটির কর্তৃপক্ষ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
জানতে চাইলে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান ঢাকা মেইলকে বলেন, পানি প্রবাহের তুলনায় সড়কের কালভার্টটি পর্যাপ্ত নয়। এ কারণে সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আপাতত কিছু করা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে রাস্তাটি সংস্কার করা হবে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, সড়কটির ওপর দিয়ে প্রবল বেগে গুলশান লেকের পানি প্রবাহিত হচ্ছে। এতে সড়কের দক্ষিণ পাশের একাংশ ভেঙে পড়ছে।
সড়কটির ঝুঁকিপূর্ণ অংশ আটকে দিয়েছে সিটি করপোরেশনের কর্মীরা। অন্য অংশ দিয়ে মানুষ হেঁটে পার হচ্ছেন। মাইকিং করে পথচারীদের সতর্কতা অবলম্বন করে রাস্তা পারাপারের আহ্বান জানানো হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, টানা বর্ষণে লেকের পানি বেড়ে গিয়ে রোববার সকাল ১১টার দিকে সড়কে উঠে যায়। এরপর থেকেই সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
মারুফ হোসেন নামের এক পথচারী বলেন, দুপুরেও ভিজে এই রাস্তা পার হয়েছি। এখনও ভিজেই পার হতে হচ্ছে।
ঝিলপাড়ের বাসিন্দা মাইজউদ্দিন বলেন, বৃষ্টির কারণে গুলশান, বারিধারা ও আশপাশের এলাকার পানি লেকে নামতে থাকলে সকাল ১১টার দিকে সড়কটি ডুবে যায়। এরপর থেকেই পানির মধ্য দিয়েই রাস্তা পারাপার করতে হচ্ছে।
জানতে চাইলে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান বলেন, যেহেতু পানি প্রবাহের তুলনায় সড়কের কালভার্টটি পর্যাপ্ত নয়, তাই এখানে একটি ব্রিজ নির্মাণের চিন্তাভাবনা করা হচ্ছে।