আজ ১৮ জুলাই প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন। বলিউড থেকে হলিউডে থিতু হওয়া এ তারকা পূর্ণ করলেন ৪৪ বছর। বিশেষ এই দিনে চলুন জেনে নেওয়া যাক প্রিয়াঙ্কার মোট সম্পত্তির পরিমাণ।
প্রিয়াঙ্কার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৮৩ কোটি রুপি। তার স্বামী মার্কিন গায়ক নিক জোনাসের রয়েছে ৬৬৬ কোটির কাছাকাছি সমমূল্যের সম্পদ। দুজনের যৌথ সম্পত্তির ৪৬.৬ শতাংশের অধিকারী দেশি গার্ল।
পর্দার দক্ষ এ অভিনেত্রীর ব্যবসার হাতও বেশ পাকা। ডেটিং অ্যাপ, জুতার সংস্থা ও খাবারের ‘স্টার্টআপ’-এ বিনিয়োগ রয়েছে তার। দেশি গার্লের আয়ের বড় অংশ আসে সেখান থেকে। এ ছাড়া একাধিক গয়না, প্রসাধনী বা সাজপোশাকের বিলাসবহুল সংস্থার মুখ তিনি। অল্প দিনে তড়তড়িয়ে খ্যাতি পেয়েছে তার প্রতিষ্ঠান ‘হেয়ার কেয়ার’ও।
পারিশ্রমিকের বেলায়ও কম যান না পিগি চপস। বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় আছেন সামনের সারিতে। গুঞ্জন, দক্ষিণের মহেশ বাবুর সঙ্গে পরবর্তী ছবিতে নাম লেখাতে নিয়েছেন ৩০ কোটি। তাছাড়া আন্তর্জাতিক সিরিজ় ‘সিটাডেল’-এ নিয়েছিলেন ৪১ কোটি রুপি।
লস অ্যাঞ্জেলেসে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে নিক-প্রিয়াঙ্কার। প্রাসাদসম সে বাড়িটি ২০১৯ সালে ২০০ লাখ ডলারে কেনেন এ দম্পতি। বাড়িটি প্রায় ২০ হাজার বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত।