চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীতে ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। মেয়র প্রার্থী নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা। সেই সাথে নগর জুড়ে বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীর নামে লাগানো হচ্ছে পোস্টার ও ব্যানার। অনেকে মনোনয়ন প্রত্যাশী থাকলেও আওয়ামী লীগের পক্ষে নমিনেশন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন বর্তমান মেয়র আ জ ম নাছির। অন্যদিকে বিএনপির পক্ষে প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে ডা. শাহাদাত হোসেনের নাম। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পর এবার চট্টগ্রাম সিটি করপোরশন নির্বাচন।
নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন কে পাচ্ছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন প্রার্থীর পক্ষে নগর জুড়ে লাগানো হচ্ছে পোস্টার ও ব্যানার। বর্তমান মেয়র আ জ ম নাছির বহাল থাকছেন, নাকি পরিবর্তন হচ্ছে? এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। বর্তমান মেয়রের বাইরে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, সাবেক সিডিএ চেয়্যারম্যান আব্দুচ ছালামের নাম শোনা যাচ্ছে।
সেই সাথে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নামও উঠে এসেছে। তবে মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে আশাবাদী বর্তমান সিটি মেয়র আ জ ম নাছির। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নাগরিক সেবা বলতে যেটা বুঝায়, সিটি করপোরেশনের পক্ষ থেকে আমরা সেটা দিতে পারি। জনগণ আমার বিষয়ে অত্যন্ত সন্তুষ্ট। তবে বিএনপি`র সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের।