মঈন মাহমুদ : সেন্টার ফর পলিসি স্টাডিস (সিপিএস)`র উদ্যোগে রাজধানীর আফতাবনগরে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শে বাংলাদেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার উপায়` শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয।
সংগঠনটির চেয়ারম্যান মাওলানা আবদুস শহীদ নাসিমের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। বক্তারা বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়; বরং ইনসাফ, মানবাধিকার ও সুশাসন নিশ্চিত করাই কল্যাণ রাষ্ট্রের মূল ভিত্তি।
অনুষ্ঠানে মাওলানা আবদুস শহীদ নাসিম বলেন— "কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা শুধু একটি রাজনৈতিক স্লোগান নয়; এটি একটি নৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। জনগণের অধিকার নিশ্চিত করা ও দুর্নীতি দূর করার মধ্য দিয়েই কল্যাণ রাষ্ট্রের ভিত্তি শক্তিশালী হতে পারে।"
অন্যতম আলোচক প্রফেসর ড. চৌধুরি মাহমুদ হাসান বলেন—"ইসলামে যে পারিবারিক বন্ধন রয়েছে তা উন্নত বিশ্বে নেই বললেই চলে। তাই অমুসলিমরাও ইসলামের এ সৌন্দর্যকে ভালোবাসে।"
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. নকিব মুহাম্মদ নসরুল্লাহসহ বিশিষ্টজনেরা বৈঠকে মত দেন, কল্যাণ রাষ্ট্র গড়তে দুর্নীতিমুক্ত প্রশাসন ও রাজনৈতিক সংঘাত নিরসন জরুরি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিএসসির সাবেক সদস্য ওএনএম সিদ্দিকা খানম, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সামসুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল হাকিম আজিজ, প্রফেসর তহুর আহমদ হেলালী এবং এডভোকেট মশিউল আলম।